কক্সবাজারের কুতুবদিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ ঘটনায় পাচারে ব্যবহৃত একটি ফিশিং বোটও জব্দ করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে কুতুবদিয়া থানার দক্ষিণ কুতুবদিয়া চ্যানেলে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন কুতুবদিয়ার একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৫০ বস্তা সিমেন্ট এবং ৬০ বস্তা সার পাওয়া যায়। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।
অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নৌযানে থাকা চোরাকারবারিরা পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা পণ্য ও পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোট পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, সমুদ্রপথে চোরাচালান ও অবৈধ পাচার ঠেকাতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।
ইতি/
