, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 93%

দুবাইফেরত ফ্লাইটে ৫১ লাখের অবৈধ পণ্য

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত একটি ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও আইফোন জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। একই অভিযানে ব্যাগেজ বেল্ট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়ও সিগারেটের একটি চালান উদ্ধার করা হয়।

সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বাংলাদেশ বিমানের দুবাইফেরত BG-148 ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজে তল্লাশি চালানো হয়।

অভিযানে তিন যাত্রীর কাছ থেকে ৭৮২ কার্টন সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করা হয়। পরে বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকায় পরিত্যক্ত অবস্থায় আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট পাওয়া যায়। সব মিলিয়ে জব্দ করা সিগারেটের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৮০২ কার্টন।

কাস্টমসের হিসাবে, জব্দ করা সিগারেটের আনুমানিক মূল্য ৩৬ লাখ ৪ হাজার টাকা এবং ১৩টি আইফোনের মূল্য প্রায় ১৫ লাখ টাকা। সব মিলিয়ে উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৪ হাজার টাকা।

জব্দ করা পণ্য পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব পণ্য জব্দ করা হয়েছে। আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ও সরকারি রাজস্ব ফাঁকি ঠেকাতে বিমানবন্দরে নজরদারি অব্যাহত থাকবে।

অভিযানে শনাক্ত তিন যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও কাস্টমস ইন্টেলিজেন্স শাখার পক্ষ থেকে মৌখিকভাবে সতর্ক করার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত