, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 81%

১৮ বছরেও বাড়েনি আদালত, চট্টগ্রামে বিচারাধীন মামলা ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীতে জনসংখ্যা ও মামলার সংখ্যা বাড়লেও গত ১৮ বছরে বাড়েনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সংখ্যা। বর্তমানে মাত্র ৮টি আদালতে বিচারাধীন রয়েছে ৬৯ হাজার ৭১টি মামলা। এতে মামলাজটের পাশাপাশি বিচারপ্রার্থী ও আইনজীবীদের ভোগান্তিও বাড়ছে।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালে বিচারাধীন মামলা ছিল ৫৯ হাজার ৯৪৯টি। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৬৬ হাজার ২৪৯টিতে। বর্তমানে এই সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে। শুধু চলতি বছরের জুনে ৫ হাজার ৭২৮টি এবং জুলাইয়ে ৫ হাজার ৪৫০টি নতুন মামলা দায়ের হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের ১৬টি থানার বিপরীতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে মাত্র ৮টি। সংশ্লিষ্টদের মতে, মামলার চাপ ও থানার সংখ্যা বিবেচনায় আদালতের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন।

আদালত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন আদালত প্রতিষ্ঠার জন্য ২০১৩ সাল থেকে বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। সর্বশেষ গত ৩ জানুয়ারি তিনটি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং ২০টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রতিষ্ঠার প্রস্তাব পাঠানো হয়। তবে এখনো এ বিষয়ে কার্যকর অগ্রগতি হয়নি।

বিচার বিভাগ পৃথকীকরণের পর ২০০৭ সালের ১ নভেম্বর সাতটি আদালত নিয়ে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির কার্যক্রম শুরু হয়। ২০০৮ সালে আরও একটি আদালত যুক্ত হয়ে সংখ্যা দাঁড়ায় আটটিতে। এরপর দীর্ঘ ১৮ বছরেও আদালতের সংখ্যা আর বাড়েনি।

আইনজীবী ও আদালত সংশ্লিষ্টদের দাবি, মামলার ক্রমবর্ধমান চাপ মোকাবিলায় দ্রুত নতুন আদালত ও প্রয়োজনীয় জনবল বাড়ানো জরুরি। তা না হলে আগামী দিনে চট্টগ্রামে মামলাজট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত