, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 89%

জশনে জুলুস ঘিরে সিএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রাম নগরীতে আয়োজিত জশনে জুলুস ও ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশেষ নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এর অংশ হিসেবে নির্ধারণ করা হয়েছে জুলুসের রুট এবং জুলুস চলাকালে লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। বিষয়টি সিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে জনসংযোগ কর্মকর্তা আমিনুর রশিদ নিশ্চিত করেছেন।

সিএমপির বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে নগরীর বিভিন্ন এলাকায় জশনে জুলুস, মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে জনশৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দিষ্ট কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সিএমপি অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৮ ও ২৯ ধারার আওতায় জুলুস ও ধর্মীয় অনুষ্ঠানস্থলে অস্ত্র বহন, প্রদর্শন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে কুশপুত্তলিকা বা মূর্তি প্রদর্শনের মতো নিষিদ্ধ কার্যক্রমের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

নির্ধারিত রুট

সিএমপির রোডম্যাপ অনুযায়ী, বুধবার সকাল ৮টায় ষোলশহরের আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে মূল জুলুস শুরু হবে।

এরপর জুলুসটি বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর ২ নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, দামপাড়া ও লালখান বাজার হয়ে টাইগারপাসে যাবে। সেখান থেকে একই পথে ফিরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন জুলুস ময়দানে গিয়ে সমবেত হবে।

বন্ধ থাকবে ফ্লাইওভার

জুলুস চলাকালে লালখান বাজার থেকে মুরাদপুর পর্যন্ত ফ্লাইওভারে যান চলাচল বন্ধ থাকবে। জুলুসের কারণে নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সাময়িক যান চলাচল নিয়ন্ত্রণের আওতায় আসতে পারে। তাই সংশ্লিষ্ট সময়ে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

সিএমপি জানিয়েছে, জুলুস শুরু হওয়ার সময় থেকে সংশ্লিষ্ট মাহফিল শেষ হওয়া পর্যন্ত গণবিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনাগুলো কার্যকর থাকবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এবার চট্টগ্রামে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ৫৫তম জশনে জুলুস অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিবছরের মতো এবারও এতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের প্রত্যাশা রয়েছে

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত