, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 92%

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও একজন

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ঢেউ ও স্রোতের টানে ভেসে গিয়ে ইয়াছির খাঁন (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ ইব্রাহিম (২৩) নামে আরও এক পর্যটক নিখোঁজ রয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ ও লাইফগার্ড সূত্র জানায়, ঢাকার আফতাবনগর থেকে পাঁচজনের একটি দল কক্সবাজারে বেড়াতে আসে। তারা সৈকতে গোসল করতে নামার পর প্রবল স্রোতের মধ্যে পড়ে বিপদে পড়ে। তাদের মধ্যে তিনজন কোনোভাবে তীরে উঠতে সক্ষম হলেও ইয়াছির ও ইব্রাহিম স্রোতের টানে ভেসে যান।

সহযাত্রীরা বিষয়টি লাইফগার্ড কর্মীদের জানালে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে ইয়াছিরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিখোঁজ ইব্রাহিমের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিস, সি-সেফ লাইফগার্ড, বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ যৌথভাবে সাগরে তল্লাশি চালাচ্ছে।

উদ্ধারকারী ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, দুর্ঘটনাস্থলে সাগর উত্তাল ছিল এবং কিছু এলাকায় গোসলে না নামার জন্য লাল পতাকা টানানো হয়েছিল। এমন পরিস্থিতিতে সতর্কতা মেনে নির্ধারিত নিরাপদ এলাকায় গোসল করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত