চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ৫৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে ২৯ আগস্ট পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৩২ জনে।
শনিবার (২৯ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ১৩ জন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১০ জন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন ভর্তি হয়েছেন। এছাড়া নগরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আরও একজন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ১৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন ১১৮ জন, আর বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে রয়েছেন ১৯ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত চট্টগ্রামে মোট ১ হাজার ৯৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১ হাজার ৬২৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৩০৯ জন চিকিৎসা নিয়েছেন।
এর আগে ২৮ আগস্ট পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ৮৭৯ জনে পৌঁছেছিল। অর্থাৎ একদিনের ব্যবধানে নতুন করে ৫৩ জন রোগী যুক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু প্রতিবেদনের তথ্যেও আগস্টজুড়ে দেশে ডেঙ্গু সংক্রমণ বাড়ার চিত্র পাওয়া যাচ্ছে। ২৯ আগস্টের হিসাবে সারাদেশে এক দিনে ৯৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ইতি/
