চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে সড়কে ভ্রাম্যমাণ দোকান বসানোকে কেন্দ্র করে বিরোধের জেরে ফজলুল আমিন নামে এক যুবদল, নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে ওমর আলী মাতব্বর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফজলুল আমিন পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরিবারের অভিযোগ, সড়কে রিকশাভ্যান বসানো নিয়ে স্থানীয় বাসিন্দা মো. শাহজাহান ও তাঁর ছেলে সিফাতের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। একপর্যায়ে কথা-কাটাকাটির মধ্যে ধাক্কা ও ঘুষি দেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় শাহজাহান ও তাঁর ছেলে সিফাতসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করেছে নিহতের পরিবার। তবে ঘটনার সঙ্গে কারা সরাসরি জড়িত এবং মৃত্যুর প্রকৃত কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, ভ্যান বসানো নিয়ে ফজলুল আমিন ও শাহজাহানের মধ্যে বিরোধ ছিল। শুক্রবার তাঁদের মধ্যে ঝগড়া হয়। এ সময় ফজলুল আমিন অসুস্থ হয়ে মারা যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। মামলার আসামিদের এখনো গ্রেপ্তার করা হয়নি।
চট্টগ্রাম নগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ জানিয়েছেন, ঘটনাটি রাজনৈতিক বিরোধের কারণে নয়; স্থানীয় বিরোধের জেরেই ঘটেছে বলে তাঁরা মনে করছেন। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তি বিএনপির সঙ্গে প্রকৃতপক্ষে যুক্ত কি না, সেটিও যাচাই করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।
ইতি/
