, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 88%

নতুন পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার

নিজস্ব প্রতিবেদক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বেতনকাঠামোর খসড়া চূড়ান্ত হয়েছে। আগামীকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য এটি উপস্থাপন করা হতে পারে। অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদন পেলে পরবর্তী ধাপে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে মূল বেতন ও বিভিন্ন ভাতা ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত সচিব কমিটি নতুন বেতনকাঠামো বাস্তবায়ন নিয়ে সুপারিশ চূড়ান্ত করে। এর আগে নবম জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের বেতন-ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ করেছিল। তবে পর্যালোচনা কমিটির প্রস্তাবে বেতন বৃদ্ধির হার কমিশনের সুপারিশের তুলনায় কম রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে নতুন কাঠামোর আওতায় মূল বেতন কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তবে অতিরিক্ত আর্থিক চাপ সামলাতে বর্ধিত বেতন একবারে না দিয়ে ধাপে ধাপে দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

এর আগে ১১ জুন বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে পর্যায়ক্রমে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তবে পুরো অর্থ একসঙ্গে দেওয়ার সক্ষমতা নিয়ে সরকারের আর্থিক ব্যবস্থাপনায় হিসাব-নিকাশ চলছে।

মন্ত্রিসভার অনুমোদনের পরই নতুন বেতনকাঠামোর চূড়ান্ত রূপ এবং বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত