, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 89%

চট্টগ্রামে এলএনজি সংকটে গ্যাস সরবরাহে ঘাটতি

নিজস্ব প্রতিবেদক

এলএনজি আমদানিতে বিঘ্ন ও দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ায় চট্টগ্রামে গ্যাস সরবরাহে সংকট তৈরি হয়েছে। চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত ৪৩টি এলএনজি কার্গো বাতিল হয়েছে। স্বাভাবিক সরবরাহের জন্য মাসে ৯–১০টি কার্গো প্রয়োজন হলেও গত আগস্টে এসেছে মাত্র ছয়টি।

চট্টগ্রাম নগরের গ্যাস সংকট ও এর দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে কেজিডিসিএল কর্মকর্তাদের সঙ্গে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মো. এরশাদ উল্লাহর মতবিনিময় সভায় এসব তথ্য উঠে আসে।

কেজিডিসিএল জানায়, সংস্থার আওতাধীন এলাকায় দৈনিক গ্যাসের চাহিদা ৩০০–৩২০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। এর বিপরীতে সরবরাহ হচ্ছে প্রায় ২৪৫–২৫০ এমএমসিএফডি।

কর্মকর্তারা জানান, কাতার ও ওমান থেকে এলএনজি আমদানিতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও হরমুজ প্রণালী ঘিরে অস্থিরতার প্রভাব পড়েছে। চট্টগ্রাম প্রায় পুরোপুরি এলএনজিনির্ভর হওয়ায় এর প্রভাব এখানে তুলনামূলক বেশি।

কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সালাহউদ্দিন বলেন, জাতীয় পর্যায়ে গ্যাসের সরবরাহ বাড়ানো গেলে চট্টগ্রামের বরাদ্দও বাড়ানো সম্ভব। আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক হলে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

সভায় দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানো, নতুন কূপ খনন এবং মহেশখালীতে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও তুলে ধরা হয়।

ইতি/

 

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত