, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 89%

চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আছিফ-জাহাঙ্গীর পরিষদ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মোহাম্মদ আছিফ চৌধুরী ভাইস-চেয়ারম্যান এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) নগরের আন্দরকিল্লায় জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মাহবুবুর রহমান শামীম।

নতুন কার্যনির্বাহী কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ডা. এম এম সরোয়ার আলম, ডা. তাসলিম চৌধুরী, রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর এবং অ্যাডভোকেট মুহাম্মদ রাহিম উদ্দিন চৌধুরী।

এর আগে ২৯ আগস্ট চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়। নির্বাচনী তফসিল অনুযায়ী ৫ সেপ্টেম্বর ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল।

দায়িত্ব পাওয়ার পর ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরী বলেন, নতুন দায়িত্ব নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের চেষ্টা করবেন। ইউনিটের সদস্য ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

তিনি আরও বলেন, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের সেবার মানোন্নয়ন এবং জেলা ইউনিটের কার্যক্রম আরও জনমুখী করতে কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।

চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিট দীর্ঘদিন ধরে দুর্যোগ মোকাবিলা, স্বেচ্ছাসেবা ও মানবিক কার্যক্রমে কাজ করে আসছে। সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচিতেও ইউনিটের নেতৃত্ব মানবিক সেবা ও স্বেচ্ছাসেবকদের কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত