, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 74%

কাপ্তাই লেকের পানি বাড়ায় ফের খুলল ১৬ জলকপাট

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা আবারও বাড়তে থাকায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়। এতে কাপ্তাই লেকের অতিরিক্ত পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে। বর্তমানে লেকের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে জানা গেছে, পানির উচ্চতা দ্রুত বাড়তে থাকায় রাঙামাটি জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও প্লাবনের ঝুঁকি তৈরি হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্পিলওয়ের গেটগুলো খুলে পানি নামানো হচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বর্তমানে কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল। পরিস্থিতি বিবেচনায় ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়েছে। পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে গেটগুলো বন্ধ করে দেওয়া হবে।

এর আগে ২৯ আগস্ট লেকের পানির উচ্চতা ১০৬ দশমিক ০১ ফুটে পৌঁছালে একইভাবে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন করা হয়েছিল। পরে পানির উচ্চতা আরও বাড়লে ধাপে ধাপে গেট খোলার পরিমাণ বাড়ানো হয়। একপর্যায়ে প্রতিটি গেট ৩ ফুট পর্যন্ত খোলা হলে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়। পানি কমে যাওয়ার পর গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। তাই পানির উচ্চতা নিয়ন্ত্রণে রেখে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পরিস্থিতি অনুযায়ী জলকপাট খোলা বা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত