চট্টগ্রাম নগরের ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত ১০ বছরের শিশু রাহাত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় শিশুটিকে রক্ষা করতে গিয়ে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন মিন্টু (৫৫) নামে এক ব্যক্তি নিহত হন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পাঁচলাইশ থানার ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মিনহাজ উদ্দিন রাহাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে।
নিহত রাহাত পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার আব্দুল মালেক সাহেবের বাসার মো. ফারুকের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, জুমার নামাজ শেষে দেলোয়ার হোসেন মিন্টু দুই শিশুকে সঙ্গে নিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। একপর্যায়ে একটি শিশু তাঁর হাত ছেড়ে সামনে চলে যায়। এ সময় ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাওয়া পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আসতে দেখে শিশুটিকে সরিয়ে নিতে মিন্টু এগিয়ে যান।
শিশুটিকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়। একই ঘটনায় রাহাত গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা আহত রাহাতকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
ইতি/
