, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 72%

ওয়াসার সঙ্গে ড্রিংকওয়েলের চুক্তি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে নিরাপদ ও বিশুদ্ধ পানি সহজলভ্য করতে নতুন করে ৯৪টি পানি এটিএম স্থাপনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এ কার্যক্রম বাস্তবায়নে বেসরকারি প্রতিষ্ঠান ড্রিংকওয়েলের সঙ্গে পাঁচ বছরের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে সংস্থাটি।

রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম ওয়াসা ভবনে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পর্যায়ক্রমে ৯৪টি পানি এটিএম স্থাপন করা হবে। বর্তমানে চট্টগ্রাম ওয়াসার অধীনে ছয়টি পানি এটিএম চালু রয়েছে। নতুন ৯৪টি চালু হলে নগরীতে পানি এটিএমের মোট সংখ্যা দাঁড়াবে ১০০টি।

সমঝোতার আওতায় ওয়াসার সরবরাহ করা পানির গুণগত মান এবং বিদ্যমান পরিশোধন ব্যবস্থাও মূল্যায়ন করবে ড্রিংকওয়েল। প্রয়োজন অনুযায়ী পানিকে আরও উপযোগী করতে অতিরিক্ত শোধনব্যবস্থা গ্রহণের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

নতুন পানি এটিএমগুলোতে পরিচয়ভিত্তিক কার্ড ব্যবস্থার মাধ্যমে পানি সংগ্রহের প্রযুক্তি ব্যবহার করা হবে। প্রাথমিক পর্যায়ে এটিএম স্থাপনের জন্য প্রয়োজনীয় স্থান সরবরাহ করবে চট্টগ্রাম ওয়াসা। অন্যদিকে, এটিএম স্থাপনের যন্ত্রপাতি ও প্রয়োজনীয় মূলধনি বিনিয়োগ করবে ড্রিংকওয়েল।

চুক্তি অনুযায়ী, পানি এটিএমগুলোর নকশা প্রণয়ন, স্থাপন, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বও পালন করবে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্টরা বলছেন, নগরীর বিভিন্ন এলাকায় পানি সংগ্রহের সুযোগ বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থা নিরাপদ ও মানসম্মত পানি সরবরাহকে আরও সহজ করবে।

অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জাহাঙ্গীর আলম, ড্রিংকওয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ চৌধুরী, সেবা প্রকৌশল বিভাগের প্রধান মো. আবদুস সাত্তার এবং চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) প্রকৌশলী বিষ্ণু কুমার সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত