, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 69%

তালা ভেঙে চুয়েটের কার্যালয়ে উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) টানা ২১ দিনের আন্দোলন ও প্রশাসনিক অচলাবস্থার মধ্যে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।

সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে রাউজানে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান তিনি। পরে প্রশাসনিক ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নিজ কার্যালয়ে যান।

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে চুয়েটে আন্দোলন করছেন শিক্ষার্থীদের একটি অংশ। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা।

শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশও কর্মবিরতিতে রয়েছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছে। ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাও বাড়ছে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর অনলাইনে উপাচার্য হিসেবে যোগদান করেন অধ্যাপক শেখ শরীফুল আলম। তবে আন্দোলন ও প্রশাসনিক অচলাবস্থার কারণে এত দিন তিনি ক্যাম্পাসে যেতে পারেননি।

সোমবার সকালে তাঁর প্রশাসনিক ভবনে প্রবেশের মধ্য দিয়ে চুয়েটের চলমান সংকটে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রম পুনরায় কবে শুরু হবে এবং প্রশাসনিক অচলাবস্থা নিরসনে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

দীর্ঘদিনের এই অচলাবস্থা নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্দোলনরত পক্ষগুলোর মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ইতি /

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত