, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 78%

দুই দিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়ীদের হয়রানি বন্ধ ও বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি সেলিম খান এ কর্মসূচি ঘোষণা করেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গ্যাস সিলিন্ডারের মূল্য নির্ধারণ ও সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে ব্যবসায়ীরা নানা ধরনের হয়রানির মুখে পড়ছেন। এসব সমস্যার প্রতিবাদে দুই দিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন সেলিম খান।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিম অভিযোগ করেন, দেশের এলপিজি সিলিন্ডারের বিপণন ব্যবস্থায় হাতে গোনা কয়েকটি কোম্পানির প্রভাব রয়েছে। তাঁর দাবি, এই সীমিতসংখ্যক কোম্পানির নিয়ন্ত্রণের কারণে বাজারে মূল্য নির্ধারণ ও বিপণন নিয়ে নানা সমস্যা তৈরি হচ্ছে।

এদিকে, গত ৪ অক্টোবর অক্টোবর মাসের জন্য এলপিজির নতুন মূল্য নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়।

তবে নির্ধারিত দামে সিলিন্ডার না পাওয়ার অভিযোগ রয়েছে ক্রেতাদের। বাজারে ১২ কেজির সিলিন্ডার কিনতে কোথাও কোথাও ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে নির্ধারিত মূল্য ও খুচরা বাজারের দামের ব্যবধান নিয়ে ভোক্তাদের মধ্যে অসন্তোষ রয়েছে।

ব্যবসায়ীদের ঘোষিত কর্মসূচি বাস্তবায়িত হলে বৃহস্পতিবার ও শুক্রবার দেশের বিভিন্ন এলাকায় এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকতে পারে। এতে রান্নার গ্যাস সংগ্রহে ভোক্তাদের সাময়িক ভোগান্তির আশঙ্কা রয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত