চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল হক মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য দুটি আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপনের আমন্ত্রণ পেয়েছেন। সম্মেলন দুটিতে বাংলাদেশের গণমাধ্যমে ইসলামের উপস্থাপন এবং ইসলামি দৃষ্টিকোণ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নৈতিক ব্যবহার নিয়ে তাঁর গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে।
আগামী ৩ ও ৪ নভেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে এশিয়া প্যাসিফিক স্কলার্স কংগ্রেস (এপিএসসি) ২০২৬। এর অংশ হিসেবে আয়োজিত ‘এশিয়া প্যাসিফিক কনফারেন্স অন সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ’-এ অংশ নেবেন অধ্যাপক শহীদুল হক। মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ‘একাডেমি প্রফেসর মালয়েশিয়া’ তাঁকে গবেষণাপত্র উপস্থাপনের আমন্ত্রণ জানিয়েছে।
সম্মেলনে তাঁর গবেষণাপত্রের শিরোনাম ‘Framing Islam in Bangladeshi Media: A Critical Content Analysis of Representation, Narratives, and Stereotypes’। এতে বাংলাদেশের গণমাধ্যমে ইসলামের উপস্থাপন, বিভিন্ন বয়ান এবং প্রচলিত স্টেরিওটাইপের বিষয়গুলো বিশ্লেষণ করা হবে।
এপিএসসি ২০২৬-এ মালয়েশিয়াসহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক ও শিল্পসংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেবেন। গবেষণার অভিজ্ঞতা বিনিময়, আন্তবিষয়ক সংলাপ এবং আন্তর্জাতিক একাডেমিক যোগাযোগ সম্প্রসারণ এ সম্মেলনের অন্যতম লক্ষ্য।
এদিকে আগামী ১০ ও ১১ নভেম্বর ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার (আইআইইউএম) গোম্বাক ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে সপ্তম ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইসলামিক জুরিসপ্রুডেন্স’ (আইসিআইজে ২০২৬)। এ সম্মেলনেও গবেষণাপত্র উপস্থাপন করবেন অধ্যাপক শহীদুল হক। তাঁর গবেষণার শিরোনাম ‘Ethical Use of Artificial Intelligence: An Islamic Perspective’।
‘Artificial Intelligence in the Light of Maqasid Shariah: Contemporary Issues and Future Prospects’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক, আইনগত ও সামাজিক প্রভাব নিয়ে আলোচনা হবে। পাশাপাশি ইসলামি আইনশাস্ত্র, ফতোয়া, ইসলামি অর্থনীতি, শিক্ষা, সুশাসন, মানবিক মর্যাদা এবং প্রযুক্তির ক্রমবিকাশের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পাবে।
সম্মেলন দুটিতে অধ্যাপক শহীদুল হকের অংশগ্রহণ বাংলাদেশের গণমাধ্যম গবেষণা, ইসলামি চিন্তাধারা এবং প্রযুক্তির নৈতিক ব্যবহার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণাভিত্তিক মতবিনিময়ের একটি সুযোগ তৈরি করবে।
ইতি /
