চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় আগামী বুধবার থেকে টানা চার দিন গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলা।
পেট্রোবাংলার বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ নভেম্বর বুধবার সকাল ৮টা থেকে ৭ নভেম্বর শনিবার বিকেল ৪টা পর্যন্ত টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। ফলে প্রতিদিন সরবরাহ কমবে ৩২০ মিলিয়ন ঘনফুট।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) জানিয়েছে, সরবরাহ কমে যাওয়ায় তাদের আওতাধীন এলাকার সব শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্পচাপের মুখে পড়তে পারেন। আবাসিক গ্রাহকদের পাশাপাশি শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন ও বাণিজ্যিক কার্যক্রমেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
কেজিডিসিএলের ব্যবস্থাপক (জনসংযোগ) মো. সাখাওয়াত হোসেন জানান, নির্ধারিত সময়ে সামিটের টার্মিনাল থেকে পুনঃগ্যাসীকৃত এলএনজি (আরএলএনজি) সরবরাহ বন্ধ থাকবে। এতে প্রতিষ্ঠানটির আওতাধীন এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কেজিডিসিএল।
প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, চট্টগ্রামে তাদের মোট গ্রাহক ১ লাখ ৪৬ হাজার ১৭৪ জন। এর মধ্যে ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রের গ্রাহক ২০৪টি এবং শিল্পগ্রাহক ৯৬২টি। অন্য গ্রাহকদের মধ্যে রয়েছেন আবাসিক, বাণিজ্যিক, বিদ্যুৎ ও সার খাতের গ্রাহকেরা।
চট্টগ্রাম অঞ্চলে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৫০ মিলিয়ন ঘনফুট। সরবরাহ কমে গেলে গ্যাসনির্ভর শিল্পপ্রতিষ্ঠানগুলোর উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি নিজস্ব বিদ্যুৎ উৎপাদনেও বিঘ্ন ঘটতে পারে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের সম্মিলিত সরবরাহ সক্ষমতা দৈনিক ১ হাজার ৫০ মিলিয়ন ঘনফুট। বর্তমানে সেখান থেকে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৯২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। সামিটের টার্মিনালে রক্ষণাবেক্ষণ চলাকালে এলএনজি থেকে গ্যাসে রূপান্তরের কার্যক্রম বন্ধ থাকায় সরবরাহ কমে যাবে।
ইতি /
