, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

চট্টগ্রামে পোড়া তেলে খাবার তৈরি, দুই প্রতিষ্ঠানকে ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২ নভেম্বর) হাজীপাড়া ও আতুরার ডিপো সংলগ্ন এলাকায় পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, পোড়া তেল ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ উপকরণ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে আতুরার ডিপো ডক্টরস ডায়াগনস্টিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রিল এজেন্ট সংরক্ষণের অভিযোগে এ জরিমানা করা হয়।

অন্যদিকে, পোড়া তেল ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি ও প্রক্রিয়াজাতকরণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও প্যাকেজিংয়ের দায়ে পাছাজিও ফুডস (ড্রিপ্স) নামের প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে খাদ্য উৎপাদনস্থলে তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখা যায়। এ ছাড়া মিষ্টি তৈরির কাঁচামালে ইঁদুরের বিষ্ঠা ও চুল পাওয়া যায়। যথাযথ প্যাকেজিং প্রক্রিয়া অনুসরণ না করা এবং নকল চেরি ফল ব্যবহারের অভিযোগও উঠে আসে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ জানান, খাবার তৈরিতে পোড়া তেল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইতি /

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত