চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এর মধ্যে ২১টির নির্মাণকাজ চলমান রয়েছে। পাশাপাশি যানজট ও সড়ক দুর্ঘটনা কমাতে নগরের ২৮টি গুরুত্বপূর্ণ স্থানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) ‘নিরাপদ সড়ক চাই’ চট্টগ্রাম মহানগর কমিটির আয়োজনে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে নগরের দুটি স্থানে এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা চালুর উদ্যোগ রয়েছে। শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করতে ফুটওভারব্রিজ ও জেব্রা ক্রসিংয়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে রেলক্রসিং এলাকায় যানজট ও দুর্ঘটনা কমাতে ওভারপাস নির্মাণের পরিকল্পনার কথা জানান।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নাগরিক সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে চসিক প্রশাসক বলেন, সামান্য সতর্কতা অনেক প্রাণ বাঁচাতে পারে। রাস্তা পারাপারের সময় যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ এবং মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। চালকদেরও দায়িত্বশীলভাবে যানবাহন চালানোর ওপর জোর দেন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জ্যারটেক এলাকায় দুর্ঘটনার ঝুঁকির কথা উল্লেখ করে তিনি বলেন, সড়ক পারাপারের সময় ডানে-বাঁয়ে ভালোভাবে দেখে নিরাপদ স্থানে যেতে হবে। সড়ক ব্যবহারে প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে।
শিক্ষার্থীদের সামাজিক অন্যায়ের বিরুদ্ধে দায়িত্বশীল ও আইনসম্মতভাবে প্রতিবাদ করার আহ্বান জানিয়ে তিনি ইভটিজিং, কিশোর গ্যাং ও চাঁদাবাজির মতো কর্মকাণ্ড প্রতিরোধে সচেতন থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার কথা বলেন।
নগর পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের ভূমিকার ওপরও গুরুত্ব দেন চসিক প্রশাসক। তিনি বলেন, পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও আধুনিক নগরী গড়ে তুলতে সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্ব পালন করতে হবে। যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানান তিনি।
ইতি /
