, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

চট্টগ্রাম বন্দরে ১২৬ টন আপেল-আদা নিলামে বিক্রির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। এসব পণ্যের মধ্যে রয়েছে প্রায় ৪৭ টন আপেল ও ৭৮ টন আদা। সব মিলিয়ে নিলামে তোলা হচ্ছে ১২৫ টন ৭৪০ কেজি পণ্য।

মঙ্গলবার (৩ নভেম্বর) জারি করা নিলাম বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, পাঁচটি পণ্যচালানের সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

নিলামে দুটি ৪০ ফুট কনটেইনারে থাকা ৪৭ হাজার ৪৪০ কেজি আপেল এবং তিনটি কনটেইনারে থাকা ৭৮ হাজার ৩০০ কেজি আদা বিক্রি করা হবে। এর মধ্যে আপেলের সংরক্ষিত মূল্য প্রায় ৯২ লাখ ৮৩ হাজার টাকা এবং আদার মূল্য প্রায় ৮৭ লাখ ৮ হাজার টাকা।

নিলামে অংশ নিতে আগ্রহী ক্রেতারা ৪ নভেম্বর সকাল ৯টা থেকে ৯ নভেম্বর দুপুর ২টা পর্যন্ত অনলাইনে দরপত্র জমা দিতে পারবেন। আগামী ৫ নভেম্বর অফিস চলাকালীন সময়ে পণ্যগুলো সরেজমিনে পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, পণ্যগুলো বর্তমান অবস্থায় বিক্রি করা হবে। তাই দরপত্র জমা দেওয়ার আগে পণ্যের পরিমাণ, গুণগত মান ও সংরক্ষণের অবস্থা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নিলামে অংশগ্রহণের জন্য নির্ধারিত সংরক্ষিত মূল্যের ৫ শতাংশ জামানত জমা দিতে হবে। দরপত্র উন্মুক্ত করা হবে ৯ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে। সর্বোচ্চ দর অনুমোদিত হলে ক্রেতাকে নির্ধারিত হারে অগ্রিম আয়কর ও ভ্যাট পরিশোধ করে পণ্য খালাস নিতে হবে।

চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম-সংশ্লিষ্ট সহকারী কমিশনার নাজমুল হোসেন জানান, পচনশীল পণ্য দ্রুত নিষ্পত্তির মাধ্যমে বন্দরের পণ্যজট কমানো, সংরক্ষণস্থান খালি করা এবং সরকারি রাজস্ব নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত