, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

সেন্টমার্টিনে পর্যটক মৌসুমের অপেক্ষার অবসান

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার থেকে সেন্টমার্টিন নৌপথে বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে পর্যটক পরিবহন শুরু হওয়ার কথা রয়েছে। এ জন্য এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ—এই তিনটি জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) জাহাজমালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর এ তথ্য জানান।

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাট থেকে জাহাজগুলো পর্যায়ক্রমে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাবে। তিনটি জাহাজের সম্মিলিত যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, এমভি বার আউলিয়া সকাল ৭টায়, এমভি কর্ণফুলী সকাল ৭টা ১৫ মিনিটে এবং এমভি টেকনাফ সকাল ৮টা ১৫ মিনিটে যাত্রা করবে। জাহাজগুলো যথাক্রমে বেলা ২টা ৩০ মিনিট, ২টা ১৫ মিনিট ও বিকেল ৩টা ৩০ মিনিটে দ্বীপ থেকে ফিরবে।

এর আগে ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন ভ্রমণের মৌসুম শুরু হলেও প্রয়োজনীয় অনুমোদন ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় জাহাজ চলাচল শুরু করা সম্ভব হয়নি।

সরকারি নির্দেশনা অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা দ্বীপে ভ্রমণ ও রাত্রিযাপন করতে পারবেন। প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক দ্বীপে যাওয়ার সুযোগ পাবেন। ভ্রমণের জন্য ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত