চট্টগ্রামে আয়োজিতব্য ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। সাংবাদিকদের প্রতিবাদ ও ক্ষোভের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে আয়োজকদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক একটি ঘটনায় সাংবাদিকের সঙ্গে পরীমনির আচরণ নিয়ে বিতর্ক তৈরি হয়। ওই ঘটনার আগেই অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেওয়ার বিষয়ে পরীমনির সঙ্গে চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীদের অসম্মান করার অভিযোগে চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের মুখে তাঁকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে শুক্রবার রাতে পরীমনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে অনুষ্ঠানের প্রচারণামূলক পোস্টার শেয়ার করে চট্টগ্রামে আসার কথা জানিয়েছিলেন। পোস্টারটি প্রকাশের পর কয়েকজন সাংবাদিক আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেন এবং সংশ্লিষ্ট ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত তাঁকে অতিথি হিসেবে না রাখার দাবি জানান।
এ নিয়ে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হলে আয়োজক কমিটি তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করে। ইতোমধ্যে পরীমনিকে বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে।
আয়োজকদের পূর্বঘোষণা অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইতি/
