চট্টগ্রাম নগরীর যানজট কমানো, জলাবদ্ধতা নিয়ন্ত্রণ এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করছে দ্বিতীয় আউটার রিং রোড। কালুরঘাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ চার লেনের সড়কটি আগামী ডিসেম্বর মাসে যান চলাচলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সড়কটি চালু হলে নিউ মার্কেট থেকে কালুরঘাট শিল্পাঞ্চলে যেতে সময় লাগতে পারে মাত্র ২০ মিনিট। বর্তমানে একই পথ পাড়ি দিতে যানজটের কারণে দুই থেকে আড়াই ঘণ্টা পর্যন্ত সময় লাগে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২ হাজার ৭৭৯ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ এই সড়কের নির্মাণকাজের ৯৮ শতাংশ ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি রয়েছে প্রায় ২০০ মিটার সড়ক ও বাঁধের কাজ। বাকলিয়া কলেজ এলাকা ও কালুরঘাট অংশে কিছু কাজ শেষ করার পাশাপাশি জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণসংক্রান্ত প্রক্রিয়াও চলছে।
প্রকল্পের আওতায় শুধু সড়ক নির্মাণ নয়, কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকার সুরক্ষা এবং নগরীর জলাবদ্ধতা নিয়ন্ত্রণেও গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে রেগুলেটরসহ ১২টি স্লুইসগেট নির্মাণ করা হয়েছে। জোয়ারের সময় নদীর পানি নগরীতে প্রবেশ ঠেকানো এবং বৃষ্টির পানি পাম্পের মাধ্যমে নদীতে নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।
এদিকে, প্রকল্পটিকে নগরবাসীর বিনোদন ও পর্যটনের নতুন কেন্দ্র হিসেবেও গড়ে তোলা হচ্ছে। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে প্রায় সাত কিলোমিটার ওয়াকওয়ে এবং অবসর কাটানোর বিভিন্ন সুবিধা রাখা হয়েছে। ফলে সড়কটি চালু হলে যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি নদীকেন্দ্রিক পর্যটনেও নতুন সম্ভাবনা তৈরি হবে।
সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের ভাষ্য অনুযায়ী, দ্বিতীয় আউটার রিং রোড চালু হলে নগরীর যান চলাচলে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। বিশেষ করে বহদ্দারহাট-কালুরঘাট সড়কের ওপর যানবাহনের চাপ কমবে। একই সঙ্গে বাকলিয়া, চান্দগাঁও, মোহরা ও কালুরঘাট শিল্পাঞ্চলসহ আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে।
প্রকল্প পরিচালক প্রকৌশলী রাজীব দাশের দেওয়া তথ্য অনুযায়ী, অবশিষ্ট কাজ দ্রুত শেষ করে আগামী ডিসেম্বরেই সড়কটি পূর্ণাঙ্গভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করার প্রস্তুতি চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রাম নগরীর যোগাযোগব্যবস্থায় যুক্ত হবে নতুন এক গুরুত্বপূর্ণ সড়ক।
ইতি/
