চট্টগ্রাম নগরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা নষ্ট করে অনুমোদনহীনভাবে পোস্টার লাগানোর অভিযোগে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
সোমবার (৯ নভেম্বর) নগরের বিভিন্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
জরিমানার আওতায় আসা প্রতিষ্ঠানগুলো হলো—উদ্ভাস, উন্মেষ, ফ্লোরেন্স নার্সিং স্কুল, ইনডেক্স ও সায়েন্স কেয়ার। নগরীর বিভিন্ন স্থানে অনুমতি ছাড়া পোস্টার লাগানোর দায়ে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের নিজ নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের অঙ্গীকারনামাও নেওয়া হয়।
চসিক জানিয়েছে, নগরীর সৌন্দর্য সংরক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং যত্রতত্র পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
