চট্টগ্রাম নগরের বাকলিয়ায় নিজ বাড়ির পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুস সোবহান (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের ১৯ নম্বর ওয়ার্ডের তক্তারপুল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সোবহান তক্তারপুল এলাকার নুর ইসলামের ছেলে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক জানান, স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, পূর্বশত্রুতার জেরে নিজ বাড়ির পাশে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়।
এদিকে পুলিশের তথ্য অনুযায়ী, নিহত সোবহানের বিরুদ্ধে অতীতে ১৮টি মাদক মামলা ও একটি হত্যা মামলা ছিল। ২০২৫ সালের ২৫ জুলাই বাকলিয়ার আরাকান রোডসংলগ্ন গাফফার কলোনি এলাকায় মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
পুলিশের দাবি, মাদক কারবারের নিয়ন্ত্রণ ধরে রাখতে ওই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিলেন সোবহান। এ ঘটনায় ২০২৫ সালের ৮ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়।
তবে সর্বশেষ হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ এবং কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
ইতি/
