, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

চট্টগ্রামের তিন সড়কে বসছে স্পিড ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ তিনটি সড়কে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে আধুনিক লেজার স্পিড ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। প্রাথমিকভাবে বায়েজিদ লিংক রোড, সিটি আউটার রিং রোড এবং শাহ আমানত সেতু সংযোগ সড়কে পরীক্ষামূলকভাবে এসব ক্যামেরা পরিচালনা করা হবে।

এ কার্যক্রম বাস্তবায়নে সিএমপিকে সাতটি অত্যাধুনিক লেজার স্পিড ক্যামেরা সরবরাহ করেছে গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, সাম্প্রতিক এক গবেষণায় চট্টগ্রামের ৪৪ শতাংশের বেশি যানবাহনকে নির্ধারিত গতিসীমার চেয়ে বেশি গতিতে চলতে দেখা গেছে। অতিরিক্ত গতির কারণে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি কমাতেই প্রযুক্তিনির্ভর নজরদারির এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, গত ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সিএমপির পুলিশ সদস্যদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ দিয়েছে জিআরএসপি। এতে এলটিআই ২০/২০ ট্রুক্যাম-২ মডেলের স্পিড ক্যামেরা পরিচালনা, রক্ষণাবেক্ষণ, কারিগরি ত্রুটি শনাক্ত এবং সড়কে ব্যবহারিক প্রয়োগের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, আধুনিক আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ সদস্যদের নতুন প্রযুক্তির সঙ্গে দক্ষতা অর্জন করতে হবে। স্পিড ক্যামেরার মাধ্যমে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ করা সম্ভব হলে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা প্রতিরোধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া জানান, নতুন সাতটি ক্যামেরা পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনার সক্ষমতা বাড়াবে। এর ফলে অতিরিক্ত গতিতে চলাচলকারী যানবাহন শনাক্ত ও নিয়ন্ত্রণ কার্যক্রম আরও সহজ হবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, পরীক্ষামূলক এ কার্যক্রম সফল হলে নগরের সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনা কমাতে কার্যকর ভূমিকা রাখবে এই প্রযুক্তি।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত