, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

তুরস্কের আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের ‘স্টারাপ্টর’

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের উদ্ভাবিত ড্রোন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতার প্রস্তুতি চলছে। তুরস্কে অনুষ্ঠেয় ‘টেকনোফেস্ট তুর্কিয়ে ২০২৭’-এ অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের গবেষণা ও প্রস্তুতির জন্য এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে চুয়েটের গবেষণা দল ‘টিম স্টারাপ্টর’-এর সদস্যদের হাতে অনুদানের অর্থ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসক বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা দেশের প্রযুক্তিগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মেধাবী শিক্ষার্থীদের উদ্যোগের পাশে থাকার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরতে তাঁদের উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

দলটি আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে তুরস্কে অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (ভিটিওএল) সক্ষমতাসম্পন্ন একটি ড্রোন তৈরি করছে তারা।

দলনেতা রাশিদ আবরার আজমাইনের তথ্যমতে, চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২২ ও ২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছেন। তাঁদের উদ্ভাবিত ড্রোনটির নাম ‘দ্য স্টারাপ্টর’। এটি হেলিকপ্টারের মতো উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণের পাশাপাশি আকাশে উঠে উড়োজাহাজের মতো সামনের দিকে চলতে পারবে।

শিক্ষার্থীদের দাবি, ড্রোনটির নকশা ও নির্মাণে কার্বন ফাইবার এবং বিশেষায়িত থ্রিডি প্রিন্টিং উপকরণ ব্যবহার করা হচ্ছে। এর পাখার বিস্তার ১ হাজার ৩৪০ মিলিমিটার এবং দৈর্ঘ্য ৯৯০ মিলিমিটার। পরিকল্পনা অনুযায়ী, ড্রোনটি সর্বোচ্চ ১৫ কেজি মালামাল বহন করতে এবং ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম হবে।

এতে ফ্লাইট কন্ট্রোলার, রাস্পবেরি পাই কম্পিউটার, জিপিএস ও টেলিমেট্রি প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। দলটির লক্ষ্য, সফটওয়্যারের নির্দেশনা অনুসরণ করে ড্রোনটি যেন স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে এবং কাজ শেষে ফিরে আসতে পারে।

শিক্ষার্থীরা জানান, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে কৃষি, চিকিৎসাসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা ও পণ্য পরিবহনে ড্রোনটি ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে দুর্গম এলাকায় জরুরি চিকিৎসাসামগ্রী ও দুর্যোগকবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রযুক্তিটি কার্যকর ভূমিকা রাখতে পারে।

ভবিষ্যতে স্থল, আকাশ ও পানিতে চলতে সক্ষম ‘ট্রাই-মোড মোবিলিটি ড্রোন’ তৈরির পাশাপাশি চুয়েটে একটি স্থায়ী মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) গবেষণা সেল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানিয়েছেন দলটির সদস্যরা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রকল্পটির অগ্রগতি ও সম্ভাবনার ভিত্তিতে ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা এবং তুরস্কে অবস্থানকালে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সহযোগিতার বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও টিম স্টারাপ্টরের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত