চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জেলা পরিষদের মালিকানাধীন জমি অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা পরিষদ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার ভেল্লাপাড়া সেতু সংলগ্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বালুমহাল ও স্থাপনা পরিদর্শন করেন জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।
অভিযানকালে সরকারি জমিতে অবৈধ দখল ও বালুমহলের কার্যক্রম পরিদর্শন করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। সরকারি সম্পত্তি রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানান জেলা পরিষদের প্রশাসক।
এ সময় উদ্ধার করা জমি পুনরায় দখল ঠেকাতে দ্রুত সীমানাপ্রাচীর নির্মাণের নির্দেশনা দেন তিনি।
অভিযানে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিদোয়ানুল ইসলাম, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ এবং চট্টগ্রাম জেলা পরিষদের উচ্চমান সহকারী আনোয়ার হোসেনসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ জানিয়েছে, সরকারি সম্পত্তি সংরক্ষণ ও জনস্বার্থে জেলার বিভিন্ন স্থানে বেদখল হয়ে থাকা জমি পর্যায়ক্রমে উদ্ধার করা হবে। এ লক্ষ্যে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
