, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

বাঁশখালীতে একই ঘর থেকে বাবা ও যমজ দুই শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ি থেকে মো. জাহেদ হোসেন (৫০) ও তাঁর সাত মাস বয়সী যমজ দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি মাওলার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর নাম জারিন ও জাসিয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, জাহেদের মরদেহ ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। একই কক্ষে খাটের পাশে পড়ে ছিল শিশু দুটির মরদেহ।

ঘটনার পর জাহেদের স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে শিশু দুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।

স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন মানিক জানান, জাহেদের বাড়ি উপজেলার চাম্বল গ্রামে। তবে গত দেড় বছর ধরে তিনি শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ঘরের দরজা ভেতর থেকে আটকানো থাকায় বেড়া কেটে ভেতরে প্রবেশ করেন উদ্ধারকর্মীরা। পরে ঝুলন্ত অবস্থায় জাহেদ এবং খাটের পাশে দুই শিশুর মরদেহ দেখতে পান তাঁরা।

সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মামুদুল হাসান জানান, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এতে শাশুড়ির কাছে দুই লাখ টাকা পাওনার কথা উল্লেখ রয়েছে। চিরকুটটি জাহেদের লেখা কি না, তা যাচাই করা হচ্ছে।

পুলিশ জানায়, তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনাটির পেছনে কোনো পারিবারিক বিরোধ কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত