, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

চট্টগ্রামে ডিসেম্বরে উদ্বোধন হতে পারে তিন মেগা প্রকল্প

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রামের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে নগরের লালখান বাজার মোড়ে নবনির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতা প্রশংসনীয়। উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন নিরলসভাবে কাজ করছেন। নগরবাসীর প্রয়োজন বিবেচনায় যেকোনো উন্নয়ন প্রকল্পের প্রস্তাব এলে তা অনুমোদনের ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন জানান, লালখান বাজার ও ইস্পাহানি মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণ ছিল স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি। অবশেষে ব্রিজটি চালুর মধ্য দিয়ে সেই দাবি পূরণ হয়েছে।

তিনি আরও জানান, আগামী ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী সিডিএর বাস্তবায়িত শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক, আউটার রিং রোড এবং কালুরঘাট-চাক্তাই সংযোগ সড়ক উদ্বোধন করতে পারেন। প্রকল্পগুলো চালু হলে চট্টগ্রামের যোগাযোগব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সিডিএ সূত্রে জানা যায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প প্রকল্পের অর্থায়নে নির্মিত লালখান বাজারের ফুটওভার ব্রিজটির দৈর্ঘ্য ৩৯ দশমিক ৪২ মিটার, প্রস্থ প্রায় ২ দশমিক ৫ মিটার এবং উচ্চতা প্রায় ৬ দশমিক ১ মিটার। পথচারীদের যাতায়াতের সুবিধার্থে এতে তিনটি প্রবেশ ও বের হওয়ার পথ রাখা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক মো. মাহফুজুর রহমান। এ সময় সিডিএ সচিব নুর-এ জান্নাত রুমিসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত