, |

চট্টগ্রাম - 🌤️ 30° সে. | 💧 আদ্রতা 50%

চট্টগ্রামের আবর্জনা থেকেই আসতে পারে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক

নগরীর ক্রমবর্ধমান বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়নের পাশাপাশি তা থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে আগ্রহ প্রকাশ করেছে চীনের প্রতিষ্ঠান কনচ ভেঞ্চার (Conch Venture)। চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) দেওয়া প্রস্তাবে প্রতিষ্ঠানটি বর্জ্য প্রক্রিয়াজাত করে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রকল্প বাস্তবায়নের কথা জানিয়েছে।

 

রোববার (১৫ নভেম্বর) চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে চীনা প্রতিনিধিদল এ প্রস্তাব তুলে ধরে। বৈঠকে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি, প্রতিষ্ঠানের অভিজ্ঞতা এবং প্রকল্পটির সম্ভাব্য বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।

 

বৈঠকে চসিক প্রশাসক বলেন, নগরীর বর্জ্যকে কেবল অপসারণযোগ্য আবর্জনা হিসেবে না দেখে অর্থনৈতিক সম্পদে পরিণত করার পরিকল্পনা রয়েছে। আধুনিক প্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈবসার উৎপাদনের সম্ভাবনাকে কাজে লাগাতে চায় সিটি করপোরেশন।

 

তিনি আরও জানান, এ ধরনের প্রকল্প বাস্তবায়নের আগে পরিবেশগত নিরাপত্তা, প্রযুক্তির কার্যকারিতা, আর্থিক সম্ভাব্যতা এবং দীর্ঘমেয়াদি পরিচালন ব্যয় গুরুত্বের সঙ্গে যাচাই করতে হবে। প্রকল্পটি যেন ভবিষ্যতে সিটি করপোরেশনের জন্য অতিরিক্ত আর্থিক চাপ তৈরি না করে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

 

চীনা প্রতিনিধিদল জানায়, বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদনে তাদের আধুনিক গ্রেট ফার্নেস প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা রয়েছে। বিভিন্ন অঞ্চলে এ প্রযুক্তির মাধ্যমে পৌর বর্জ্য প্রক্রিয়াজাত করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

 

প্রতিষ্ঠানটির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, চীনসহ বিভিন্ন অঞ্চলে তাদের ১১২টি চুক্তিবদ্ধ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প রয়েছে। একই বছরে প্রতিষ্ঠানটি প্রায় ১ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করেছে।

 

চট্টগ্রামে প্রস্তাবিত ২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে প্রকল্পটি বাস্তবায়নের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।

 

বৈঠকে চীনা প্রতিনিধিদলের সদস্যদের পাশাপাশি চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

প্রস্তাবটি বাস্তবায়িত হলে চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তির ব্যবহার এবং বিকল্প জ্বালানি উৎপাদনের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এর সুফল নির্ভর করবে প্রকল্পের পরিবেশগত গ্রহণযোগ্যতা, অর্থনৈতিক কার্যকারিতা ও দীর্ঘমেয়াদি টেকসই ব্যবস্থাপনার ওপর।

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত