চট্টগ্রামের মীরসরাইয়ে চোরাচালানের মাধ্যমে মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়াপাখি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাখি পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মীরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার সফর আলী (৪৫) এবং হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাকিনি এলাকার মামুন (৩১)।
পুলিশের তথ্য অনুযায়ী, সরকারি শুল্ক ফাঁকি দিয়ে এবং প্রচলিত নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণবিধি লঙ্ঘন করে মিয়ানমার থেকে টিয়াপাখিগুলো দেশে আনা হয়েছিল। উদ্ধার করা পাখিগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে ৮০টি টিয়াপাখিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
