চট্টগ্রামের রাউজান সিনিয়র সিভিল জজ আদালতের বিচারকের কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০ থেকে ৫০টি বিচারাধীন মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। আগুনে আদালতের কম্পিউটার, প্রিন্টার, এসিসহ বিভিন্ন আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ভোরে রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত আদালতের বিচারক আবদুল মান্নানের চেম্বারে এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রাথমিকভাবে এসির বিস্ফোরণ অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আদালত সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আদালতের নৈশপ্রহরী ও নাজির অফিসকক্ষ থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন। পরে তাঁরা বিষয়টি বিচারককে অবহিত করেন এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
আদালতের নাজির আকাশ নাথ জানান, অগ্নিকাণ্ডে ৪০ থেকে ৫০টি মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। এ ছাড়া একটি এসি, কম্পিউটার, প্রিন্টার, বুকশেলফ, দরজা ও অন্যান্য আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট মালামালের তালিকা প্রস্তুত করা হচ্ছে।
তিনি আরও জানান, আদালতে সিসিটিভি ক্যামেরা থাকলেও সেগুলো সচল না থাকায় অগ্নিকাণ্ডের কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডের কারণে সোমবার আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ রাখা হয়। ফলে নির্ধারিত কার্যতালিকায় থাকা শতাধিক মামলার বাদী-বিবাদী ও অন্যান্য বিচারপ্রার্থীকে দুর্ভোগে পড়তে হয়।
রাউজান ফায়ার সার্ভিসের সাব-অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, তাঁদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যাওয়ায় সেখানে নির্বাপণ কার্যক্রম পরিচালনার প্রয়োজন হয়নি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসির বিস্ফোরণ, বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি পরিকল্পিত অগ্নিসংযোগ—কোন কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
