Tuesday, June 23, 2026

“মাজার ভাঙা: সংস্কার নাকি বিশ্বাসের ওপর আঘাত?”-মো. কামাল উদ্দিন। 

আমি লেখার শুরুতেই বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করছি—আমি কোন বিতর্কে যেতে চাই না। তবে আজকের বিবেকের তাগিদে আমার ব্যক্তিগত মতামতমূলক এই লেখাটি উপস্থাপন করছি। মাজার সৃষ্টির ইতিহাস অত্যন্ত প্রাচীন, যা সমাজের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আমি সেই গভীর ইতিহাসের দিকে যেতে চাই না, কারণ কোরান ও সুন্নাহর আলোকে এর যথাযথ ব্যাখ্যা দেওয়ার জন্য বিশাল জ্ঞানসম্পন্ন মাওলানারা আছেন। তাঁদের থেকে শিখে আমরা এ বিষয়ে আরও গভীরতর জ্ঞান অর্জন করতে পারি।আমার এই লেখার উদ্দেশ্য একটাই—মাজার ভাঙা কি উচিত কিনা, তা বিবেচনা করা। আমি চাই, সবাই শান্তভাবে, বিবেকবোধের ভিত্তিতে বিষয়টি নিয়ে ভাবুক। এই সিদ্ধান্ত সমাজে কী প্রভাব ফেলবে এবং কতটা সঠিক বা ভুল তা নিয়ে পর্যালোচনা করা অত্যন্ত জরুরি।

আমরা মাজারের অলৌকিকতা বা এর চারপাশের ধর্মীয় ধারণা নিয়ে বহু আলোচনা করতে পারি, তবে আজ আমি সেই দিকটি না ছুঁয়ে কেবল এই প্রশ্ন উত্থাপন করতে চাই—মাজার ভেঙে আমরা কি প্রকৃতপক্ষে সমাজের উন্নতি করতে পারবো, নাকি এতে ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসের ওপর আঘাত হবে?

আমি আশা করি, এই লেখা সবার কাছে একটি চিন্তার খোরাক জোগাবে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায্য কাজে আসবে-

আমাদের এই উপমহাদেশে ইসলাম প্রচার এবং আধ্যাত্মিকতার বিকাশের একটি বড় মাধ্যম ছিল সুফি সাধকদের অবদান। ভারত বর্ষে এমন কিছু মহান সুফি সাধক ছিলেন, যাঁরা তাঁদের জীবনের মাধ্যমে ইসলাম প্রচার ও মানবতার সেবা করে গেছেন। তাঁদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন হযরত বার আউলিয়া (রহ.), হযরত বদর শাহ (রহ.), হযরত গরীবে নেওয়াজ শাহ (রহ.), হযরত আমানত শাহ (রহ.), এবং হযরত সৈয়দ আহমদ শহীদ (রহ.)। হযরত বার আউলিয়া (রহ.) ছিলেন চট্টগ্রামের অন্যতম প্রাচীন সুফি সাধক। তাঁর মূল নাম ছিল হযরত শাহ মুহাম্মদ ইয়াকুব, তবে বার আউলিয়া নামে তিনি খ্যাতি অর্জন করেন। তাঁর আধ্যাত্মিকতা ও ধর্ম প্রচারের কারণে তিনি অনেক মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। মানুষ বিশ্বাস করে, তাঁর অলৌকিক ক্ষমতার মাধ্যমে তিনি অসংখ্য মানুষের জীবনে পরিবর্তন এনেছেন এবং ইসলামের সঠিক শিক্ষার প্রচার করেছেন। হযরত বদর শাহ (রহ.) ছিলেন আরেক বিখ্যাত সুফি সাধক, যিনি চট্টগ্রামের জনগণের মাঝে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। তাঁর দরবারে অসংখ্য মানুষ আত্মিক প্রশান্তি লাভের জন্য আসতেন। বদর শাহের মাজার চট্টগ্রামে এখনও আধ্যাত্মিক একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত।

হযরত গরীবে নেওয়াজ শাহ (রহ.) তাঁর নম্রতা, সহানুভূতি এবং আত্মত্যাগের মাধ্যমে সাধারণ মানুষের হৃদয় জয় করেছিলেন। তিনি ছিলেন মানবতার সেবায় নিবেদিত একজন সত্ত্বা। তাঁর আধ্যাত্মিক শিক্ষা অনেক মানুষকে সঠিক পথে চলার প্রেরণা যুগিয়েছে। তাঁর মাজার চট্টগ্রামে ইসলামিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।

হযরত আমানত শাহ (রহ.) এবং হযরত সৈয়দ আহমদ শহীদ (রহ.) উভয়েই তাঁদের আধ্যাত্মিক শক্তি ও ধর্মীয় শিক্ষার জন্য সমাদৃত। তাঁরা ইসলামের আদর্শ অনুসরণ করে ধর্ম প্রচারের পাশাপাশি সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তাঁদের মাজারগুলো আজও মানুষের কাছে পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়, যেখানে মানুষ আত্মিক শান্তির জন্য আসেন। এইসব সুফি সাধকদের মাজার শুধুমাত্র ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য নয়, বরং হাজার হাজার এতিম, অসহায়, এবং গরীব মানুষের জীবন-জীবিকার সাথে সরাসরি যুক্ত। মাজারগুলোর মাধ্যমে বহু মানুষ দান-সদকা পায়, আর্থিক সহায়তা লাভ করে এবং ধর্মীয় শিক্ষার প্রসার ঘটায়। এটি সমাজের একটি বড় অংশের জন্য সেবার কেন্দ্র হিসেবে কাজ করে আসছে।

আমাদের দেশে ইসলাম ধর্মের চর্চা বিভিন্ন ফেরকা এবং মতবাদের মধ্যে বিভক্ত। আমরা এখনো একই ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে পৌঁছাতে পারিনি, বরং বিভিন্ন ফেরকা ও মতবাদে বিভাজিত। তবে এই ভিন্নতা থাকা সত্ত্বেও, মাজার আমাদের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।

কিছু মানুষের মতে, মাজার শিরক এবং ভণ্ডামির কেন্দ্র। সত্যি বলতে গেলে, কিছু মাজারে অনৈতিক কার্যকলাপ এবং অপপ্রচার হতে পারে। কিন্তু এর জন্য সমগ্র মাজার সংস্কৃতিকে ধ্বংস করার কোনো যুক্তি নেই। বরং, মাজারগুলোর সঠিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানের মাধ্যমে এগুলোকে একটি সুশৃঙ্খল নীতিমালার আওতায় আনা উচিত। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো: মাজার ভেঙে কি আমরা সমাজে উন্নতি করতে পারবো? না, বরং এতে সমাজের বহু মানুষ তাঁদের জীবন-জীবিকা হারাবে। মাজার ভাঙার মাধ্যমে আমরা সমাজের ধর্মীয় ও সাংস্কৃতিক স্তম্ভগুলোর ওপর আঘাত করছি। সমাজে বিভাজন ও অস্থিরতা তৈরি না করে, আমাদের উচিত মাজার সংস্কৃতিকে একটি সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত করা। আমরা জানি, মাজারে বিশ্বাস রাখা মানুষের আত্মিক চিন্তাধারার একটি গভীর অংশ। এটি জোর করে বদলানো সম্ভব নয়, বরং এটি সমাজে আরও বিভেদ সৃষ্টি করতে পারে। মাজারের আধ্যাত্মিকতা এবং ধর্মীয় শিক্ষার সঠিক ব্যবহার নিশ্চিত করা হলে সমাজের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব।

প্রশ্ন একটাই: মাজার ভেঙে কি আসলেই দেশ সংস্কার সম্ভব? আমাদের দেশে মাজার একটি ঐতিহ্যবাহী সংস্কৃতি, যা শুধু ধর্মীয় নয়, সামাজিক ও ঐতিহাসিকভাবেও গভীরভাবে প্রোথিত। মাজার কোনো ধর্মীয় উপাসনালয় নয়, তবে এটি আল্লাহর প্রেমিকদের স্মৃতিচিহ্ন, সেইসব সুফি সাধকদের, যাঁরা ইসলাম প্রচারের জন্য এই ভূমিতে এসেছিলেন এবং আল্লাহর পথে চলার নির্দেশ দিয়েছিলেন।

আজকাল অনেকেই মাজারের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ধরে, শিরক, ভণ্ডামি, এবং অসামাজিক কার্যকলাপের অভিযোগ করে থাকে। তবে প্রশ্ন হলো, মাজারে সত্যিই কি এসব অনৈতিক কর্মকাণ্ড ঘটে? নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? শিরক করা ইসলামে মহাপাপ, এ কথা আমরা সবাই জানি। মাজারে এসে যদি কেউ কোনো সুফি সাধককে আল্লাহর সঙ্গে তুলনা করে, তাহলে সেটা অবশ্যই শিরকের শামিল। কিন্তু মাজারে যারা আসেন, তাদের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র একটাই—আল্লাহর স্মরণ এবং তাঁদের মাধ্যমে আল্লাহর পথে চলার শিক্ষা নেওয়া। মাজারকে কেন্দ্র করে কিছু অপকর্ম হয় বলে সারা দেশের মাজারের বিরুদ্ধে অবস্থান নেওয়া কতটা যুক্তিসঙ্গত?

ইসলামের প্রচারকরা, বিশেষত আমাদের দেশের প্রাচীন সুফি সাধকরা, ছিলেন আল্লাহর সৎকর্মে নিবেদিত প্রাণ। তাঁদের অলৌকিক শক্তি ছিল না আল্লাহর থেকে পাওয়া বলে বিশ্বাস করা হয়, কিন্তু সেই শক্তি তাঁরা ব্যবহার করেছেন মানুষকে আল্লাহর পথে ফেরাতে। তাঁদের এই ভূমিকা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে, তাঁদের প্রচারিত ধর্মের ভিত্তিতেই আমাদের পূর্বপুরুষরা ইসলাম গ্রহণ করেছিলেন। তাঁদের জীবন ও কর্মকে ঘিরে মাজার প্রতিষ্ঠা করা হয়েছে, তাঁদের স্মরণ করা হয়েছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। কিন্তু এখন, যেসব মাজারকে ভন্ডামি এবং শিরকের কেন্দ্রস্থল হিসেবে অভিযুক্ত করা হচ্ছে, সেগুলোর পেছনে লুকিয়ে থাকা প্রকৃত কারণগুলো খতিয়ে দেখা জরুরি। কিছু তথাকথিত মাজারে সত্যিই কিছু ভুল কাজ চলছে, সেটি অস্বীকার করার উপায় নেই। কিছু মানুষ মাজারকে পূজা মূর্তির মতো ব্যবহার করে, যা ইসলামের শিক্ষার পরিপন্থী। তবে, এর জন্য আমরা কি সমগ্র মাজার সংস্কৃতিকেই ধ্বংস করে দেবো?

মাজার ভেঙে দেওয়ার মাধ্যমে দেশের কোনো স্থায়ী সমাধান বা সংস্কার হবে না। বরং, এটি আমাদের ইতিহাস ও সংস্কৃতির প্রতি এক প্রকার আঘাত। আমরা জানি, মাজার একটি নিদর্শন যা শুধুমাত্র সুফি সাধকদের স্মৃতিচিহ্ন নয়, বরং এটি আমাদের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের অংশ। এটি মানুষের বিশ্বাস ও আত্মিক চেতনার সঙ্গে সংযুক্ত, যা জোর করে ভাঙা সম্ভব নয়। মানুষ তাদের বিশ্বাস নিয়ে জন্মায়, এবং তা এত সহজে বদলে যায় না। বিশ্বাসের ওপর আঘাত করলে সমাজে অস্থিরতা তৈরি হয়, আর সেটাই হচ্ছে আজকের দুঃখজনক বাস্তবতা।

তাহলে প্রশ্ন হলো, মাজার ভাঙা কেন? মাজার সংস্কারের প্রয়োজন হতে পারে, সেটি স্বীকার করি। আমাদের উচিত মাজারের সঠিক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ করা। কোনো মাজারে যদি অনৈতিক কার্যকলাপ হয়, সেটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তবে, সম্পূর্ণ মাজার সংস্কৃতিকে ধ্বংস করা কোনো সমাধান হতে পারে না। বরং মাজারের আধ্যাত্মিক দিক, ধর্মীয় শিক্ষার প্রচার, এবং মানুষের মন ও আত্মার উন্নতির জন্য মাজারকে ব্যবহার করা উচিত।

আমরা জানি, মানুষের আত্মিক চেতনায় আঘাত করলে তারা আরও বেশি করে প্রতিরোধ করে। মাজারে যারা আসেন, তাঁরা আল্লাহর স্মরণে আসেন। যদি কেউ শিরক করে, সেটা নিষিদ্ধ, কিন্তু তা সংশোধনের পথ ভাঙচুর নয়। সরকারের উচিত মাজারগুলোর সঠিক পরিচালনা নিশ্চিত করা, যেখানে ধর্মীয় শিক্ষা ও অনুশাসন মেনে চলা হয়। এমন নিয়মনীতি প্রণয়ন করা উচিত যা মাজারকে সঠিক পথে পরিচালিত করবে, এবং যারা মাজারকে বিশ্বাস করে, তাদের আত্মিক শান্তি ও ধর্মীয় চেতনা রক্ষা করবে। আমরা যখন দেখি, শত শত বছর ধরে মাজারকে কেন্দ্র করে মানুষের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাস গড়ে উঠেছে, তখন এটির ওপর সরাসরি আক্রমণ করা কখনোই সমাধান হতে পারে না। বরং প্রয়োজন একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ব্যবস্থা, যেখানে মাজার সংস্কৃতিকে সম্মান করা হয়, এবং ধর্মীয় আদর্শের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হয়। আমাদের উচিত জাতিগত ও ধর্মীয় সংঘাত সৃষ্টি না করে, সঠিক উপায়ে সংস্কার প্রক্রিয়া গ্রহণ করা। আমি বিশ্বাস করি, আমাদের সংস্কৃতি ও ধর্মের গভীরে যে আধ্যাত্মিক ধারা আছে, তাকে সম্মান জানিয়ে আমরা সমাজের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারি। মাজার ধ্বংস নয়, বরং সঠিক পরিচালনা ও ধর্মীয় শিক্ষার প্রচারের মাধ্যমেই আমরা একটি উন্নত সমাজ গড়তে পারি।

সৈয়দ ওয়ালি উল্লাহর লালসালু যেমন পড়েছি, তেমনি উপমহাদেশের বিভিন্ন সুফি সাধকের ইতিহাস জানার চেষ্টাও করেছি। সেই সাথে অনেক মাওলানাদের মাজারের পক্ষে-বিপক্ষে তর্ক-বিতর্ক, আলোচনা-সমালোচনাও শুনেছি। এ ধরনের বিতর্ক আদিম যুগ থেকে শুরু হয়েছে, মানব সৃষ্টির পর থেকেই হয়ত এ ধরনের মতবিরোধ চলে আসছে, এবং আজও এর কোন সমাধান হয়নি, বরং দিন দিন তা বাড়ছে।

তবুও আমি বলবো—হানাহানি নয়, বরং মতবিনিময় ও মান-অভিমানকে সম্মান করে, পারস্পরিক আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব। মতানৈক্যের কোনো বিষয়ই আলোচনা ছাড়া সমাধান হয় না।এই প্রসঙ্গে আরও বিস্তারিত লিখতে ইচ্ছা রয়েছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি তা চেষ্টা করবো।

লেখকঃ সাংবাদিক গবেষক টেলিভিশন উপস্থাপক ও মহাসচিব, চট্টগ্রাম নাগরিক ফোরাম।

  • সর্বশেষ
  • পঠিত