, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 93%

কক্সবাজারে শুরু হচ্ছে সবুজ আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

‘গাছ লাগাই, পরিবেশ ও প্রকৃতি বাঁচাই’—এই বার্তাকে সামনে রেখে কক্সবাজারে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ১৭ আগস্ট (সোমবার) কক্সবাজার পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ এবং পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

পরিবেশবাদী সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স এ কর্মসূচির আয়োজন করছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তোলা, বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে সবুজায়ন বাড়ানোই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, বন উজাড় এবং জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হবে।

আয়োজকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বায়ুমানের উন্নয়ন, তাপমাত্রা নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় অবদান রাখে। তাই বৃক্ষরোপণকে শুধু আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে না দেখে দীর্ঘমেয়াদি পরিবেশ আন্দোলনের অংশ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলেনাজ তাহেরা বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব কোনো একক প্রতিষ্ঠানের নয়; এ দায়িত্ব সমাজের প্রতিটি মানুষের। প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও বাসযোগ্য পরিবেশ তৈরি করা সম্ভব।

আয়োজকদের প্রত্যাশা, ১৭ আগস্টের এ কর্মসূচির মাধ্যমে কক্সবাজারে পরিবেশ সচেতনতা আরও জোরদার হবে এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণে স্থানীয় পর্যায়ে একটি টেকসই সবুজ আন্দোলনের ভিত্তি তৈরি হবে।

কর্মসূচির বার্তা হিসেবে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে—“একটি গাছ, একটি জীবনের আশ্রয়; সবুজায়নই নিরাপদ ভবিষ্যতের ভিত্তি।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত