চট্টগ্রামের চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও প্রয়োজনীয় অনুমোদন না থাকায় একটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে প্রতিষ্ঠানটি থেকে প্রায় ৩০ কেজি অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ খাদ্যসামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চন্দনাইশ পৌরসভার সদর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।
অভিযান চলাকালে বেকারিটির উৎপাদনস্থল, খাদ্য তৈরির পরিবেশ, স্বাস্থ্যবিধি এবং পণ্যের মান যাচাই করা হয়। পরিদর্শনে খাদ্য উৎপাদনে অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পাওয়ায় শাহজালাল বেকারিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ সময় প্রতিষ্ঠানটি থেকে আনুমানিক ৩০ কেজি অস্বাস্থ্যকর ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যসামগ্রী জব্দ করা হয়। পরে সেগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
এ ছাড়া প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন না থাকায় বেকারিটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন এবং প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের পর প্রতিষ্ঠানটি পুনরায় চালু করার সুযোগ পাবে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যপণ্যের মান নিশ্চিত করতে চন্দনাইশের অন্যান্য বেকারি ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিয়মিত অভিযান চালানোর কথা জানানো হয়েছে। অনুমোদনহীন কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাজেদা বেগম, চন্দনাইশ থানা পুলিশের সদস্য এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
ইতি/
