, |

চট্টগ্রাম - 🌤️ 26° সে. | 💧 আদ্রতা 93%

চট্টগ্রামে চাঁদা দাবির পর ভবনের ফটকে গুলি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় একটি আবাসিক ভবনের প্রধান ফটক লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এর কয়েকদিন আগে ওই ভবনের মালিকের প্রবাসী ছেলের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে হামজারবাগের রুনা টাওয়ারের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। তবে গুলি ছোড়ার ঘটনায় কেউ হতাহত হয়নি।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাতের দিকে দুই যুবক ভবনের প্রধান ফটকে এসে নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে যাওয়ার সময় হঠাৎ ভবনের গেট লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) হাসান মোস্তফা স্বপন জানান, হামজারবাগে একটি ভবনের ফটকে গুলি ছোড়ার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাটি তদন্তে নামে। প্রাথমিকভাবে দুই যুবক এ ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, ভবনটির মালিক হাজি ইউনূসের দুই ছেলে মধ্যপ্রাচ্যপ্রবাসী। তাঁদের মধ্যে বড় ছেলে সম্প্রতি দেশে ফিরেছেন। এর কয়েকদিন আগে ইন্টারনেট নম্বর ব্যবহার করে ভয়েস মেসেজের মাধ্যমে তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশের ভাষ্য, চাঁদা দাবির ঘটনার সঙ্গে ভবনের ফটকে গুলি ছোড়ার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং গুলি ছোড়ার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

উল্লেখ্য, এর আগে গত ১৩ জুলাই নগরের বাকলিয়া এক্সরোড এলাকায় ডিডিএন নামের একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পর ৩০ লাখ টাকা লুটের অভিযোগ ওঠে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত