, |

চট্টগ্রাম - 🌤️ 25° সে. | 💧 আদ্রতা 96%

কাপ্তাই রাস্তার মাথায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ, বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার মজুত এবং খাদ্য তৈরিতে শিল্পকারখানায় ব্যবহৃত লবণ ব্যবহারের অভিযোগে চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় তিনটি রেস্তোরাঁকে মোট ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ।

অভিযানে গোল্ডেন ব্রিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেখানে খাবার রান্না, প্রস্তুত ও সংরক্ষণের ক্ষেত্রে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়া যায়। পাশাপাশি বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে মেয়াদোত্তীর্ণ দধি, বাসি গ্রিল এবং রান্না করা মাংস সংরক্ষণের তথ্য পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে এই অর্থদণ্ড দেওয়া হয়।

একই এলাকায় ক্যাফে আল মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রতিষ্ঠানটির রান্না ও খাবার সংরক্ষণের স্থান অপরিচ্ছন্ন বলে উল্লেখ করা হয়। এছাড়া বাসি তরকারি ও রান্না করা বিভিন্ন ধরনের মাংস কাঁচা মাছ-মাংসের সঙ্গে একই অপরিচ্ছন্ন ফ্রিজে সংরক্ষণ করার বিষয়টি ধরা পড়ে।

অন্যদিকে হাজির চুইঝাল, ওরস বিরিয়ানি ও মেজবান বাড়িকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে অপরিচ্ছন্ন পরিবেশের পাশাপাশি খাবার তৈরিতে সাধারণ ভোজ্য লবণের পরিবর্তে শিল্পকারখানায় ব্যবহারের জন্য নির্ধারিত ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।

সব মিলিয়ে তিনটি প্রতিষ্ঠানে অভিযানে ১ লাখ ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে নগরের বিভিন্ন এলাকায় এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে। 

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত