চাঁদপুর শহরের একটি সেলুনে চুল কাটা, শেভ ও ফেসিয়ালের জন্য নেওয়া অতিরিক্ত বিলের অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযোগের সত্যতা পাওয়ায় সেলুনটির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে চাঁদপুর শহরের হাজী মুহসীন রোড এলাকার ‘সিপি হেয়ার জোন’ সেলুনে। অভিযোগকারী ফারুক আহমেদ জানান, চুল কাটা ও শেভের পাশাপাশি মুখ ও ঘাড়ে ফেসিয়াল করানোর পর তাকে মোট ২ হাজার ৫০০ টাকার বিল দেওয়া হয়। পরে তিনি ২ হাজার টাকা পরিশোধ করে সেলুন ত্যাগ করেন। বিলের পরিমাণ নিয়ে অসন্তুষ্ট হয়ে তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন।
অভিযোগের পর গতকাল বুধবার দুপুরে সেলুনটিতে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান। এ সময় সেবার মূল্যতালিকা প্রদর্শন, গ্রাহকদের তা জানানো এবং নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে কি না—এসব বিষয় যাচাই করা হয়।
অভিযানে সেলুনে দৃশ্যমান স্থানে কোনো মূল্যতালিকা পাওয়া যায়নি। এছাড়া অভিযোগকারীর কাছ থেকে নেওয়া অর্থের সঙ্গে সেলুনের নির্ধারিত মূল্যতালিকার হিসাবেরও অসঙ্গতি পাওয়া যায়। পরে সেলুনমালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সেলুন কর্তৃপক্ষকে সব ধরনের সেবার মূল্যতালিকা স্পষ্টভাবে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে নির্ধারিত মূল্যের বাইরে গ্রাহকের কাছ থেকে অর্থ না নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
সেলুনের ব্যবস্থাপক বিজয় শীলের দাবি, ওই গ্রাহকের কাছ থেকে ফেসিয়ালের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং চুল কাটা ও শেভের জন্য ৪০০ টাকা নেওয়া হয়েছিল। বাকি ১০০ টাকা টিপস হিসেবে দেওয়া হয়। তার ভাষ্য, ফেসিয়ালে তুলনামূলক ব্যয়বহুল প্রসাধনী ব্যবহার করায় খরচ বেশি হয়েছে
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা আবদুল্লাহ আল ইমরান বলেন, কোনো সেবার মূল্য আগে থেকে নির্ধারণ করে তা গ্রাহকের কাছে দৃশ্যমানভাবে উপস্থাপন না করে ইচ্ছেমতো মূল্য নেওয়া আইনসঙ্গত নয়। অভিযোগের সত্যতা পাওয়ায় সেলুনমালিককে জরিমানা করা হয়েছে এবং মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
ইতি/
