, |

চট্টগ্রাম - 🌤️ 28° সে. | 💧 আদ্রতা 87%

কনটেইনার পরিবহন বাড়লেও বিশ্বে ৬৮তম চট্টগ্রাম বন্দর

নিজস্ব প্রতিবেদক

কনটেইনার পরিবহনের পরিমাণ বাড়লেও বিশ্বের ব্যস্ততম ১০০ কনটেইনার বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থানে পরিবর্তন আসেনি। টানা দ্বিতীয় বছরের মতো ৬৮তম অবস্থানে রয়েছে দেশের প্রধান সমুদ্রবন্দর।

লন্ডনভিত্তিক শিপিংবিষয়ক প্রতিষ্ঠান Lloyd’s List ২০২৫ সালের কনটেইনার পরিবহনের তথ্যের ভিত্তিতে ‘One Hundred Ports 2026’ শীর্ষক তালিকা প্রকাশ করেছে। তালিকায় বিশ্বের শীর্ষ ১০০ বন্দরের সম্মিলিত কনটেইনার পরিবহন ২০২৫ সালে আগের বছরের তুলনায় ৬ দশমিক ৩ শতাংশ বেড়েছে। বিপরীতে চট্টগ্রাম বন্দরে বেড়েছে প্রায় ৪ দশমিক ১ শতাংশ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বন্দরে মোট ৩৪ লাখ ৯ হাজার টিইইউ কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। ২০২৪ সালে এ সংখ্যা ছিল প্রায় ৩২ লাখ ৭৬ হাজার টিইইউ। অর্থাৎ এক বছরে কনটেইনার পরিবহন বেড়েছে প্রায় ১ লাখ ৩৩ হাজার টিইইউ।

তবে বৈশ্বিক শীর্ষ বন্দরগুলোর তুলনায় প্রবৃদ্ধির হার কম হওয়ায় র‌্যাঙ্কিংয়ে চট্টগ্রামের অবস্থান অপরিবর্তিত রয়েছে। Lloyd’s List-এর তালিকা মূলত বন্দরের কনটেইনার পরিবহনের পরিমাণের ওপর ভিত্তি করে তৈরি; এটি কোনো বন্দরের সামগ্রিক সেবার মানের সরাসরি মূল্যায়ন নয়।

শীর্ষে সাংহাই

২০২৫ সালের তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি কনটেইনার পরিবহন করেছে চীনের সাংহাই বন্দর। এরপর রয়েছে সিঙ্গাপুর ও চীনের নিংবো-ঝুশান বন্দর। শীর্ষ ১০০ বন্দরের মোট কনটেইনার পরিবহনের পরিমাণ ছিল ৭৯ কোটি ২২ লাখ টিইইউ। এর মধ্যে চীনের বন্দরগুলোই ৪০ শতাংশের বেশি কনটেইনার হ্যান্ডলিং করেছে।

দক্ষিণ এশিয়ায় চট্টগ্রামের অবস্থান

দক্ষিণ এশিয়ার কয়েকটি বড় বন্দরের তুলনায়ও চট্টগ্রাম মাঝামাঝি অবস্থানে রয়েছে। তালিকায় ভারতের মুন্দ্রা বন্দর ২৫তম, শ্রীলঙ্কার কলম্বো ২৯তম এবং ভারতের জওহরলাল নেহরু বন্দর ৩০তম অবস্থানে রয়েছে। পাকিস্তানের করাচি বন্দর রয়েছে ৮৪তম অবস্থানে। ফলে করাচির চেয়ে ১৬ ধাপ এগিয়ে আছে চট্টগ্রাম।

Lloyd’s List-এর তথ্য অনুযায়ী, ২০০৯ সাল থেকেই চট্টগ্রাম বন্দর বিশ্বের শীর্ষ ১০০ কনটেইনার বন্দরের তালিকায় রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে অবস্থান কিছুটা ওঠানামা করলেও কনটেইনার পরিবহনের পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে।

২০২৫ সালে চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহনের পরিমাণ ৩৪ লাখ টিইইউ ছাড়িয়ে নতুন রেকর্ডও তৈরি হয়। একই বছরে সামগ্রিক কার্গো হ্যান্ডলিং এবং জাহাজ আসা-যাওয়ার সংখ্যাতেও প্রবৃদ্ধি হয়েছে।

বন্দরসংশ্লিষ্ট খাতে নতুন টার্মিনাল ও বিদেশি অপারেটরদের বিনিয়োগের কারণে ভবিষ্যতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে বৈশ্বিক তালিকায় অবস্থান উন্নত করতে হলে কনটেইনার পরিবহনের প্রবৃদ্ধি প্রতিদ্বন্দ্বী বন্দরগুলোর তুলনায় আরও দ্রুত বাড়ানোই বড় চ্যালেঞ্জ।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত