চট্টগ্রামের ফটিকছড়িতে ১২ বছরের এক শিশুকে ঝোপঝাড়ের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির মায়ের করা মামলায় মো. ইলিয়াছ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ টিলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, বাদীর দুটি ছাগলের বাচ্চা ঘাস খেতে অভিযুক্তের বাড়ির উত্তর পাশের নিচু টিলায় চলে যায়। পরে অভিযুক্তের স্ত্রী এসে জমিতে ওষুধ দেওয়ার কথা জানিয়ে ছাগলের বাচ্চা দুটি নিয়ে যেতে বলেন। এরপর শিশুটি ছাগলের বাচ্চা আনতে গেলে অভিযুক্ত তাকে ভয় দেখিয়ে পাশের ঝোপঝাড়ের দিকে নিয়ে যান বলে অভিযোগ করা হয়।
সেখানে শিশুটির পোশাক খুলে শারীরিকভাবে নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। শিশুটির চিৎকার শুনে তাকে খুঁজতে গিয়ে তার মা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় শিশুটিকে কান্নারত অবস্থায় দেখতে পান তিনি।
অভিযোগে আরও বলা হয়, মেয়েকে উদ্ধারে এগিয়ে গেলে অভিযুক্ত শিশুটির মাকেও মারধর করেন এবং গাছের ডাল দিয়ে আঘাত করে প্রাণনাশের হুমকি দেন।
পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মা-মেয়েকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে ফটিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তার জন্য ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ইতি/
