চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় ছাত্রদলের এক নেতার বাসায় অভিযান চালিয়ে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় ওই ছাত্রদল নেতা পালিয়ে যান।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্দর থানার মধ্যম গোসাইলডাঙ্গার কে বি দোভাষ লেন এলাকায় মোহাম্মদ আবু শাকিলের বাসায় এ অভিযান চালানো হয়। তিনি বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, মদ কেনাবেচার খবর পেয়ে ডিবির সদস্যরা ক্রেতা সেজে সেখানে যান। একপর্যায়ে তাদের আবু শাকিলের বাসায় নিয়ে যাওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আবু শাকিল সেখান থেকে পালিয়ে যান। পরে তার শোবার ঘরে তল্লাশি চালিয়ে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৯৫ হাজার টাকা।
এ ঘটনায় পুষ্পেন ব্যানার্জি (৫৮) ও শামসুল ইসলাম (৪৭) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পলাতক আবু শাকিলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ ও গণমাধ্যম) আমিনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, বাসা থেকে মদ উদ্ধারের ঘটনার পর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল। সংগঠনটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ আবু শাকিলকে প্রাথমিক সদস্যপদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন। পাশাপাশি ঘটনাটি সংগঠনের পক্ষ থেকেও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন।
ইতি/
