, |

চট্টগ্রাম - 🌤️ 31° সে. | 💧 আদ্রতা 73%

শেখ হাসিনার দেশে ফেরাকে ঘিরে আ.লীগের প্রস্তুতি, ফিরতে পারেন শীর্ষ নেতারাও

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তার দেশে ফেরার আগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন শীর্ষ নেতারও দেশে ফেরার পরিকল্পনা রয়েছে বলে দলীয় সূত্রের বরাতে জানা গেছে।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক বৈঠকে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এসব আলোচনায় তার ফেরার আগে দলের কয়েকজন শীর্ষ নেতার দেশে ফেরার পরিকল্পনার কথাও উঠে এসেছে। পাশাপাশি আরও নেতাকর্মী শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে দলটির বিভিন্ন পর্যায় থেকে দাবি করা হয়েছে।

এর আগে জুলাইয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, তিনি আগামী ডিসেম্বরের দিকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। একই সঙ্গে দলের শীর্ষ নেতাদেরও দেশে ফেরার আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আবারও ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফিরলে ঝুঁকি থাকলেও তিনি দেশে যাওয়ার সিদ্ধান্তে অটল।

তবে শেখ হাসিনার দেশে ফেরাকে ঘিরে আইনি ও রাজনৈতিক জটিলতা রয়েছে। তার বিরুদ্ধে মামলার পাশাপাশি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টিও সামনে রয়েছে। ফলে ঘোষিত সময়ে তার দেশে ফেরা এবং একই সঙ্গে দলীয় নেতাদের প্রত্যাবর্তন কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।

এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে শীর্ষ নেতাদের দেশে ফেরার পরিকল্পনার কথা বলা হলেও কবে, কীভাবে এবং কারা দেশে ফিরবেন—এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তালিকা বা নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা হয়নি। ফলে বিষয়টি আপাতত দলীয় সূত্র ও নেতাকর্মীদের বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত