পরিবেশ দূষণ রোধ এবং প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। চট্টগ্রাম চিড়িয়াখানায় শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্য এবার পুনর্ব্যবহারের আওতায় আনা হচ্ছে।
শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম চিড়িয়াখানা ও সংলগ্ন পাহাড়ি ছড়ায় পরিচ্ছন্নতা ও মশকনিধন কর্মসূচির মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে সহযোগিতা করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ। এ উপলক্ষে পরিবেশ সচেতনতা তৈরিতে একটি র্যালিরও আয়োজন করা হয়।
উদ্যোগটির আওতায় ১৮ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীরা ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে বিনামূল্যে চিড়িয়াখানায় প্রবেশের সুযোগ পাচ্ছে। সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশ টিকিটের মূল্য ৭০ টাকা।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, শিশু-কিশোরদের মধ্যে পরিবেশ সংরক্ষণের মানসিকতা ও দায়িত্ববোধ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের কাছ থেকে সংগৃহীত প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারের জন্য ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজের সঙ্গে জেলা প্রশাসনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ড. শাহাদাত হোসেন বলেন, একটি পরিচ্ছন্ন নগর গড়ে তোলা কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এ জন্য সরকারি সংস্থাগুলোর পাশাপাশি নগরবাসীকেও সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
তিনি চিড়িয়াখানা সংলগ্ন পাহাড়ি ছড়া ও প্রাকৃতিক জলাধার দূষণমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে প্লাস্টিকের পাত্র, বোতল ও ডাবের খোসাসহ যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো যথাযথভাবে অপসারণের আহ্বান জানান।
সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা আরও আধুনিক করতে জাপান থেকে ২০টি কমপ্যাক্টর ডাম্প ট্রাক আনার পরিকল্পনার কথাও অনুষ্ঠানে জানান তিনি।
জেলা প্রশাসক পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে জানান, গত ২৫ জুলাইয়ের অভিযানে সরকারি ভবন ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিস্তীর্ণ এলাকা থেকে বর্জ্য অপসারণ করা হয়। এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অংশ নেয়। পরবর্তী সময়ে নগরের বিভিন্ন পুকুর, পতেঙ্গা সমুদ্রসৈকত ও জিয়া স্মৃতি কমপ্লেক্সেও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা চিড়িয়াখানা প্রাঙ্গণ ও সংলগ্ন পাহাড়ি ছড়ায় চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন।
ইতি/
