চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই হাত হারানোর পরও দমে যাননি রফিকুল ইসলাম রাব্বি। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে প্রথমে মুখ দিয়ে এবং পরে পা দিয়ে লেখার কৌশল আয়ত্ত করেন তিনি। সেই পা দিয়ে লিখেই এসএসসির পর এবার উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাতেও জিপিএ-৫ অর্জন করেছেন এই মেধাবী শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে তাঁর এ সাফল্যের খবর নতুন করে আলোচনায় এসেছে। রাব্বি চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেন। এর আগে ২০২৪ সালে এসএসসি পরীক্ষাতেও একই ফল করেছিলেন তিনি।
রফিকুল ইসলাম রাব্বি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের পূর্ব হাসনাবাদ গ্রামের বাসিন্দা। তাঁর বাবা বজলুর রহমান পেশায় জাহাজভাঙা শ্রমিক ছিলেন। মা রোজি আক্তার দিনমজুরের কাজ করেন। তিন ভাই-বোনের মধ্যে রাব্বি সবার বড়।
২০১৬ সালের ৫ অক্টোবর তাঁর জীবনে নেমে আসে ভয়াবহ দুর্ঘটনা। তখন তিনি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভাটিয়ারীর একটি ফুটওভারব্রিজে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পর জীবন বাঁচাতে শেষ পর্যন্ত কেটে ফেলতে হয় তাঁর দুই হাত।
তবে এই দুর্ঘটনা তাঁর শিক্ষাজীবন থামাতে পারেনি। হাত হারানোর পর প্রথম দিকে মুখ দিয়ে লিখে পড়াশোনা চালিয়ে যান রাব্বি। প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৪.৮৩ অর্জন করেন। পরে লেখার গতি বাড়াতে পা দিয়ে লেখার অনুশীলন শুরু করেন। ধীরে ধীরে সেই দক্ষতা অর্জন করে পা দিয়েই পরীক্ষায় অংশ নিতে থাকেন। এর ধারাবাহিকতায় এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার পর এবার এইচএসসিতেও একই সাফল্য অর্জন করেছেন।
রাব্বির পড়াশোনার পথ অবশ্য সহজ ছিল না। ভাটিয়ারী থেকে চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। প্রতিদিন যাতায়াতে সময় ও অর্থ—দুটিই ব্যয় হতো। পরিবারের আর্থিক সংকটের কারণে নিয়মিত ক্লাস করাও সম্ভব হয়নি। তাই অনলাইন ক্লাস, ইউটিউবের শিক্ষা উপকরণ এবং নিজস্ব অধ্যবসায়ের মাধ্যমে প্রস্তুতি চালিয়ে যান তিনি।
এইচএসসি পরীক্ষার ফলাফলে ইংরেজি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), রসায়ন ও জীববিজ্ঞানে এ প্লাস পেয়েছেন রাব্বি। অন্যান্য বিষয়ে পেয়েছেন এ গ্রেড।
বর্তমানে পরিবারের সঙ্গে ভাটিয়ারীতে একটি ভাড়া বাসায় থাকেন তিনি। তাঁর বাবা অসুস্থ এবং মা দিনমজুরের কাজ করে সংসার চালান। ছেলের চিকিৎসা ও পড়াশোনার ব্যয় বহন করতে গিয়ে পরিবারকে নিজেদের সম্পদ বিক্রি করতে হয়েছে। আর্থিক সংকটের মধ্যেও সন্তানের শিক্ষার প্রতি আগ্রহ ধরে রাখতে বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়েছেন তাঁরা।
রাব্বির বাবা জানান, এসএসসিতে সাফল্যের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী ফিরদৌসী কাদরী তাঁর পড়াশোনার দায়িত্ব নিতে এগিয়ে আসেন। পাশাপাশি মো. ওসমান নামের একজন শিক্ষক বিনা মূল্যে তাঁকে কোচিং করিয়েছেন।
রাব্বির একমাত্র বোন রোকাইয়া আক্তারও এবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পরিবারের সীমিত সামর্থ্যের মধ্যেও দুই সন্তানের পড়াশোনা চালিয়ে নেওয়া ছিল বাবা-মায়ের জন্য বড় চ্যালেঞ্জ।
ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন রাব্বি। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতিও শুরু করেছেন তিনি। নিজের অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে অসহায় ও প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়া মানুষের পাশে দাঁড়াতে চান এই তরুণ।
দুই হাত হারানোর পরও অদম্য মনোবল, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমে রাব্বির এই সাফল্য প্রমাণ করেছে, প্রতিকূলতা স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে, কিন্তু দৃঢ় সংকল্প থাকলে তা অতিক্রম করাও সম্ভব।
ইতি/
