চট্টগ্রাম নগরের আতুরার ডিপো এলাকায় নকল ডানো ক্রিম ও ক্ষতিকর রাসায়নিক বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১ নভেম্বর) দিনব্যাপী পরিচালিত বাজার তদারকি অভিযানে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযানে নিউ খাজা আজমির স্টোরকে ৭ হাজার টাকা, মেসার্স তৃপ্তি ফুডস প্রোডাক্টকে ১ লাখ টাকা এবং মাবিয়া বেকারিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, নিউ খাজা আজমির স্টোরে নকল ডানো ক্রিমের পাশাপাশি খাদ্য প্রস্তুতে ব্যবহারের জন্য নিষিদ্ধ কেওড়া জল ও গোলাপজল বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
অন্যদিকে, মেসার্স তৃপ্তি ফুডস প্রোডাক্টে খাদ্য প্রস্তুতে রাসায়নিক রং ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন এবং খাদ্যদ্রব্যে তেলাপোকার উপস্থিতি পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মাবিয়া বেকারিতে উৎপাদিত পণ্যের মোড়কে মেয়াদসংক্রান্ত তথ্য উল্লেখ না করে বাজারজাত করার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, খাদ্য প্রস্তুতে নিষিদ্ধ রাসায়নিক রং ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং ক্ষতিকর রাসায়নিক বিক্রি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং মোড়কে প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে ব্যবসা পরিচালনা করা বাধ্যতামূলক। এসব নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ইতি/
