, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার অনুদান দিতে পারে জাইকা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দেওয়ার পরিকল্পনা করছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। প্রস্তাবিত সহায়তার আওতায় বর্জ্য সংগ্রহ ও পরিবহনে আধুনিক যানবাহন সরবরাহ এবং ল্যান্ডফিল পরিচালনার প্রয়োজনীয় যন্ত্রপাতি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) নগর ভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সঙ্গে জাইকার প্রতিনিধিদলের বৈঠকে এসব বিষয় উঠে আসে।

প্রস্তাবিত প্রকল্পের আওতায় ৫০টিরও বেশি আধুনিক বর্জ্যবাহী যান এবং ল্যান্ডফিল পরিচালনার সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নগরে আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণেও সহযোগিতা করতে পারে সংস্থাটি।

বৈঠকে জানানো হয়, প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার অনুমোদন দিয়েছে জাপান সরকার। এ কার্যক্রমের অংশ হিসেবে আগামী ডিসেম্বরে জাইকার সদর দপ্তর থেকে একটি বিশেষজ্ঞ দল চট্টগ্রাম সফর করবে। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নতুন স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণের জন্য নগরের ফতেয়াবাদ নন্দীরহাট এলাকায় ইতোমধ্যে ২৮ একর জমি অধিগ্রহণ করেছে চসিক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে অবস্থিত ওই এলাকায় ১৮ ও ১০ একরের দুটি প্লট রয়েছে

জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি হিদেকি ওসাওয়া জানান, নতুন ল্যান্ডফিল নির্মাণের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরির লক্ষ্যে নকশা ও প্রাক্কলন প্রস্তুতে সংস্থাটির বিশেষজ্ঞরা চসিকের সঙ্গে কাজ করছেন।

চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, নগরের বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই করতে অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি। প্রকল্পের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম সফল করতে চসিক প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

একই সঙ্গে নতুন ল্যান্ডফিল নির্মাণের পাশাপাশি বিদ্যমান বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রগুলোর উন্নয়নেও জাইকার কারিগরি সহায়তা কামনা করেন তিনি।

বৈঠকে চসিক ও জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত