চট্টগ্রামে পোশাকশ্রমিকদের সম্ভাব্য অসন্তোষ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) বেপজা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে সম্ভাব্য অসন্তোষ মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা হয়।
সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), বেপজা, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। শ্রমিক অসন্তোষ ও বিশৃঙ্খলা এড়াতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩-এর পুলিশ সুপার মাহমুদা বেগম সভায় সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। অন্যদিকে, সিইপিজেড বেপজার নির্বাহী পরিচালক মো. শরিফুল ইসলাম সম্ভাব্য বিশৃঙ্খলা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন।
সংশ্লিষ্টরা জানান, শ্রমিকদের ন্যায্য দাবি ও বেতন-ভাতা সংক্রান্ত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সমন্বয় ও সতর্কতা অব্যাহত রাখার তাগিদ দেওয়া হয়।
ইতি/
