, |

চট্টগ্রাম - 🌤️ 29° সে. | 💧 আদ্রতা 50%

চট্টগ্রাম রেঞ্জে অপরাধবিরোধী অভিযান, এক দিনেই গ্রেপ্তার ১১৫৪

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযানে এক দিনে ১ হাজার ১৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক করা হয়েছে ৫৯৮ জনকে।

আটক কিশোরদের মধ্যে ৩৯৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২০৫ জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনগত ব্যবস্থা।

রোববার (৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে অভিযানের এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (৭ নভেম্বর) এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৮০ জন, পূর্বের মামলার আসামি ৬৬ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৬১ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ছয়জন রয়েছেন। এ ছাড়া বিভিন্ন আইনে ৪৮ জন, গ্রেপ্তারি পরোয়ানায় ১৮৫ জন এবং সাজা পরোয়ানায় ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ৭৬ জন মাদকসেবী ও মাদকসংক্রান্ত বিভিন্ন মামলায় আরও ৫০ জনকে গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি দায়ের করা হয়েছে ৩৪টি মাদক মামলা।

অভিযানে উদ্ধার করা হয়েছে ৩৮ হাজার ১৩৭টি ইয়াবা, ২৭ কেজি ৩৬০ গ্রাম গাঁজা, ১০ লিটার চোলাই মদ এবং ৯ বোতল বিদেশি মদ।

এদিকে, অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২৯ জন সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চাঁদপুরে ৫৫ জন, কুমিল্লায় ২৬ জন, চট্টগ্রামে ১৫ জন, নোয়াখালীতে ৯ জন, লক্ষ্মীপুরে ৭ জন, ব্রাহ্মণবাড়িয়া ও খাগড়াছড়িতে ছয়জন করে, ফেনী ও রাঙামাটিতে দুজন করে এবং কক্সবাজারে একজন রয়েছেন।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে সবচেয়ে বেশি আটক করা হয়েছে কুমিল্লায় ২৬৪ জনকে। চট্টগ্রামে ১১১ জন, লক্ষ্মীপুরে ৫৬ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮ জন, চাঁদপুর ও নোয়াখালীতে ২৭ জন করে এবং কক্সবাজারে ২৬ জন আটক হয়েছেন। এ ছাড়া ফেনী ও খাগড়াছড়িতে ১৩ জন করে, বান্দরবানে ১২ জন এবং রাঙামাটিতে ১১ জনকে আটক করা হয়েছে।

ইতি/

আরও পড়ুন

  • সর্বশেষ
  • পঠিত