চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে কার্গো বোটে পরিবহনের সময় ৭০ টন সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮০ হাজার টাকা।
মঙ্গলবার (১০ নভেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা।
অভিযান চলাকালে সন্দেহভাজন একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে ৭০ হাজার কেজি (৭০ টন) সিমেন্ট উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে সিমেন্টগুলো অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে জানা গেছে। এ সময় পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটসহ পাঁচজনকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।
